ওয়াজ মাহফিল বন্ধের অভিযোগে নাগরপুরে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
সকাল ১০টার দিকে পাকুটিয়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাকুটিয়া কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রাথুরা দারুল ইসলাম কওমি মাদ্রাসার মুহতামিম হারুনুর রশিদ রাহমানী, পুখুরিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিউদ্দিন, সেওয়াইল ইসলামবাদ কওমি মাদ্রাসার মুফতি আলী আজম, জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি শফিকুল ইসলাম, আগতাড়াইল জামে মসজিদের ইমাম মুফতি সোহাইল মাহমুদ, পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম খান, পাকুটিয়া যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান মনোয়ার, পাকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আয়নাল হক সরকার, পাকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাজীব সরকার, এবং পাকুটিয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মো. নুরুল আমিন খান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, আগামী ১০ নভেম্বর (সোমবার) পাকুটিয়া মহিলা মাদ্রাসা ও জাবালে নূর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে পাকুটিয়া কলেজ মাঠে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মাহফিলের প্রস্তুতি চলছিল। কিন্তু প্যান্ডেল ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চলাকালীন সময়ে পাকুটিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান ও সাধারণ সম্পাদক রবিন খান মাহফিলের কার্যক্রম বন্ধ করে দেন।
বক্তারা আরও অভিযোগ করেন, ইমরান খান ও রবিন খানের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তারা বলেন, “ইমরান খান পাকুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। এমন একজন ব্যক্তি কীভাবে কলেজ ছাত্রদলের সভাপতি হতে পারে— তা খতিয়ে দেখা প্রয়োজন।”
প্রতিবাদে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।












