কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ

- নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
কর্মজীবী নারীদের অবমাননা করে ন্যাক্কারজনক ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ-এর নারী কমিটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ নারী কমিটির আহ্বায়ক রাসিদা আক্তার। কর্মসূচি পরিচালনা করেন নারী কমিটির সদস্য সচিব পারভিন আক্তার।
সমাবেশে বক্তব্য রাখেন এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ-এর জাতীয় কমিটির সদস্য সচিব ও গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, জাতীয় কমিটির নেতা ও সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আঁখি এবং নারী কমিটির নেতা ফারজানা আক্তার মনি।
সমাবেশে সুলতানা বেগম বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি আজ নারী শ্রমিকরা। পোশাক শিল্প, কৃষি, চা-বাগান, গৃহকর্ম, স্বাস্থ্য, শিক্ষা ও অনানুষ্ঠানিক খাতসহ সর্বত্র নারী শ্রমিকদের অবদান অপরিসীম। দেশের রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে তাদের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দ নিয়মিতভাবে নারী শ্রমিকদের নিয়ে নেতিবাচক, বিভ্রান্তিকর ও অবমাননাকর বক্তব্য দিচ্ছেন, যা একটি সুপরিকল্পিত নারীবিদ্বেষী প্রচারণার অংশ। এসব বক্তব্য নারীদের সম্মানহানি করে এবং তাদের চরিত্র ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে শ্রমবাজার থেকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।
সুলতানা বেগম আরও বলেন, নারী শ্রমিকরা কোনো দয়া নয়, তাদের শ্রমের ন্যায্য মর্যাদা চায়। যারা কুরুচিপূর্ণ ভাষায় নারীদের হেয় করছে, তাদের অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় নারী শ্রমিক সমাজ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে।
তিনি রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারী শ্রমিকদের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। নারীদের শ্রম ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব—এ সত্য অস্বীকারকারীরা মূলত দেশের অগ্রগতির বিরোধিতা করছে।
সমাবেশে সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আঁখি বলেন, দেশের শ্রমজীবী মানুষের একটি বড় অংশ নারী। গার্মেন্টস, শিল্পকারখানা, কৃষি ও সেবা খাতে নারীরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। অথচ এখনও কিছু প্রভাবশালী মহল কর্মজীবী নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে, যা শুধু নারীর মর্যাদার বিরুদ্ধে নয়, বরং জাতীয় উন্নয়নের পথেও বড় বাধা।
সমাবেশ থেকে নারী শ্রমিকদের বিরুদ্ধে সব ধরনের নারীবিদ্বেষী, অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।





















