চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু।

- নিউজ প্রকাশের সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে সাপের কামড়ে আজমির হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (২১ জুন) বড়বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।শিশু আজমির হোসেন উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ার কৃষক জাহিদুল ইসলামের ছেলে। দুই ভাইয়ের মধ্যে আজমির ছিল ছোট। শুক্রবার বাদ ঈশার পর জানাযার নামায শেষে বড়বলদিয়া গ্রামের কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে দেশপ্রিয় পত্রিকা কে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ৩ টার দিকে বাড়ির সামনে দিয়ে প্রতিবেশি এক নানীর পিছন পিছন যাচ্ছিল শিশু আজমির। এসময় ইঁদুরের গর্তে হাত দিলে কোন কিছুতে কামড় দেয়। এরপর শিশুটি নিজেই বলে সাপে কামড় দিয়েছে। পরিবারের সদস্যরা স্থানীয় ওঝা রবির (কবিরাজ) নিকট নিয়ে যান। তিনি জানান, সাপ নয়, ছুচোঁ কামড় দিয়েছে। তবে সাপটিকে কেউ দেখেনি।তিনি আরও বলেন, ওঁঝার নিকট থেকে বাড়িতে আসলে কিছুক্ষন পর শিশু আজমিরের শরীর কালো হতে থাকে। অবস্থার অবনতি হতে থাকলে আজমিরকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে।দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা দেশপ্রিয় পত্রিকা কে বলেন, সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর আমার জানা নেই।















