ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা

- নিউজ প্রকাশের সময় : ০৩:১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২২ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।একইসাথে, স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।বলা হয়েছে, ‘উক্ত কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিল তারিখের মধ্যে (প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ জীবন বৃত্তান্তের সাথে যে সকল সংযুক্তি প্রয়োজন হবে: এককপি পাসপোর্ট সাইজের ছবি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। জন্মসনদের ফটোকপি। সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি। সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি। অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি।প্রসঙ্গত: ছাত্রলীগের এই কমিটিতে সাইদুল ইসলাম সভাপতি ও মনির হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ রয়েছে।অর্থের বিনিময়ে বিএনপি পরিবারের সদস্যকে সভাপতি করাসহ বিভিন্ন ধরনের অভিযুক্তদের দিয়ে ধামরাই উপজেলা কমিটি গঠন, বিবাহিত-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ উঠলেও সাভার উপজেলার সভাপতি আতিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, টাকার বিনিময়ে বিভিন্ন কমিটি দেওয়াসহ নানা অভিযোগ ছিল ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে।গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রলীগের জেলা কমিটির মেয়াদ হওয়ার কথা দুই বছর।ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি। সেই হিসেবে মেয়াদ শেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতেই। কমিটি গঠনের সময় ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের নামের তালিকা কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হলেও মেয়াদোত্তীর্ণ হওয়ার এক বছর পর ২০২১ সালে ১৬ জুন ২৩৮ জনের কমিটির নাম ঘোষণা করা হয়।মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে বিতর্ক ছিল দীর্ঘ দিনের। অবশেষে ছয় বছর পর বিলুপ্ত হলো ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের কমিটি।এ বিষয়ে জানতে দুজনের মুঠোফোনে কল করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


















