নাগরিক শোকসভায় খালেদা জিয়াকে স্মরণ, দেশি–বিদেশি বিশিষ্টজনদের উপস্থিতি

- নিউজ প্রকাশের সময় : ০৮:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

রিপোর্টার: ওয়াজ উদ্দিন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এই শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি বাড়তে থাকে।
শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান। তাঁদের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা শোকসভায় উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে আগেই অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো হয়। আমন্ত্রণপত্র ছাড়া কাউকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আয়োজকরা জানিয়েছেন, এটি একটি নাগরিক শোকসভা হওয়ায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। বরং দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা শোকবক্তব্য প্রদান করবেন। তাঁদের বক্তব্যে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং ব্যক্তিগত মানবিক গুণাবলির বিভিন্ন দিক তুলে ধরা হবে।
শোকসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা তৎপরতায় নিয়োজিত রয়েছেন।
অনুষ্ঠানস্থলে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়। শোকসভার সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে জিয়া উদ্যানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আজকের এই নাগরিক শোকসভা সেই শোক ও শ্রদ্ধা জানানোরই একটি অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।



















