পূর্ণতা

- নিউজ প্রকাশের সময় : ০৬:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

কবিতা
মোঃ শফিউল ইসলাম শফিক।
আড়ষ্ট দুপুরের অস্থির জানালায়,
ঝরে যায় সময়ের শব্দ,
ফেরিওয়ালার গান ভাঙে মায়ার ডালি,
টুকিটাকি সংসার ফেরি করে ফেরে নিত্য।
দেওয়ালের খাঁজে জমে অন্ধকার,
চৌকাঠে শুয়ে থাকে নিরবতার ছায়া,
বালিশের নিচে লুকিয়ে রাখে ভয়,
জীবনের ব্লুপ্রিন্ট ধীরে ধীরে স্পষ্ট হয়।
হেলে পড়া পাঁচিলে মন ভারি হয়,
উঠনের ফুল, লতাপাতা, ঘাসে ঘেরা কবিতা,
আমাকে চিবোয়, গিলে খায়, তাড়া করে,
ক্যাথিড্যাল থেকে পার্ক, পার্ক থেকে গ্রেভিয়ার্ডে।
ক্ষণিক বিভূতি মেখে ভুলে থাকি দহন,
বেত্রবতীর মত কবিতারা ভেসে যায়,
শহর, নগর, প্রান্তর সাঁতরায়,
সোনালী মাছের ঝাঁকের মত শব্দেরা আসে,
কবিতারা শুয়ে থাকে আমার জীবনের পাশে।
কবিতারা শুয়ে থাকে জীবনের পাশে,
আড়ষ্ট দুপুরে তাদের সাথে কথা বলি,
সময়ের ছন্দে ভাঙে, গড়ে ওঠে গল্প,
প্রতিটি বাঁকে, প্রতিটি টানে, কবিতায় মিশে যাই।
আঁকা-বাঁকা পথে হাঁটি, নিরবধি সন্ধানে,
মনের কোণে লুকিয়ে রাখা অনুভবের বাসা,
শব্দের ক্যানভাসে আঁকি জীবনের রঙ,
কবিতারা জাগায় হৃদয়ের সকল ভালোবাসা।
আড়ষ্ট দুপুরের অস্থিরতায়,
সময় তার ছন্দে ভাঙে গল্পের বাঁধ,
প্রতিটি টুকরো, প্রতিটি বাঁক,
জীবনের কবিতায় মিশে যায় অনন্তভাবে।
নিস্তব্ধ বিকেলে, জানালার ফাঁকে,
শব্দের খেলা, মায়ার রূপকথা,
জীবনের গাথা, কবিতার প্রেম,
তোমার স্পর্শে যেন সবকিছুই পূর্ণতা পায়।
















