বাংলাদেশ তরিকত পরিষদের উপদেষ্টা হযরত শাহছুফি দুলাল সুরেশ্বরী (রহ.) ইন্তেকাল

- নিউজ প্রকাশের সময় : ১১:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ তরিকত পরিষদের অন্যতম সম্মানিত উপদেষ্টা, বরিশাল বিটিপির অন্যতম অভিভাবক, সর্বজন শ্রদ্ধেয় ছুফি সাধক হযরত শাহছুফি দুলাল সুরেশ্বরী (রহ.) দুনিয়াবী হায়াতের ইতি টেনে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ আধ্যাত্মিক সাধক, যিনি দীর্ঘ সময় ধরে ইসলামের দাওয়াত ও তরিকতের প্রচারে অসামান্য ভূমিকা রেখে গেছেন। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপই ছিল আল্লাহ ও রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনের পথে নিবেদিত।
মরহুমের জানাজার নামাজ আগামী মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের মড়কখোলার পোল সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজায় দেশ-বিদেশ থেকে অসংখ্য মুরিদ ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।বাংলাদেশ তরিকত পরিষদের প্রেসিডিয়াম মেম্বার ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের পীর সাহেব হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাদ্দাজিল্লাহুল আলী) মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন,“হযরত শাহছুফি দুলাল সুরেশ্বরী (রহ.) ছিলেন একজন প্রকৃত আল্লাহওয়ালা মানুষ। তাঁর ইন্তেকালে এদেশের ছুফি সমাজ একজন প্রিয় অভিভাবক ও আধ্যাত্মিক দিকনির্দেশককে হারালো। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর মুরিদ-মুরিদান ও ভক্তদের এই শোক সইবার শক্তি দান করুন।”মরহুমের মৃত্যুতে বাংলাদেশ তরিকত পরিষদ, বরিশাল বিটিপি,বরিশাল পাকপাঞ্জতন পরিষদ, বিভিন্ন আঞ্চলিক তরিকত সংগঠন ও অসংখ্য ভক্ত-অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন।
















