বিদেশি চক্রান্তে নতুন করে দেশে বেকার সৃষ্টি হতে দিবো না এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

- নিউজ প্রকাশের সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: জসিম সরদার
বিদেশি স্বার্থ ও হুন্ডি চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে “বিদেশি চক্রান্তে নতুন করে দেশে বেকার সৃষ্টি হতে দিবো না” এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে।
আজ সকালে বাংলাদেশে কর্মরত বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিদ্যমান এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন বহু বছর ধরে সফলভাবে চলছে, এটি পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ নেই। বিদেশি স্বার্থে প্রণীত কোনো নতুন আইন বা নীতিমালা চালু হলে দেশে হাজার হাজার কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।
বক্তারা আরও বলেন, কিছু বিদেশি কোম্পানি ও তাদের স্থানীয় দালাল চক্র বাংলাদেশে হুন্ডি ও অবৈধ আর্থিক প্রবাহ নিয়ন্ত্রণের সুযোগ নিতে চাইছে। তারা দেশের সফল জিএসএ সেক্টরকে ধ্বংস করে নিজেদের একচেটিয়া ব্যবসা চালু করতে চায়। এতে দেশীয় উদ্যোক্তা ও কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন, এবং সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাবে।
মানববন্ধনে বক্তারা জিএসএ নিয়োগ আইনের অবস্থান অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে বলেন,
“আমরা সরকারের কাছে আহ্বান জানাই— বিদেশি প্রভাবের কাছে নত না হয়ে দেশের স্বার্থে বর্তমান জিএসএ কাঠামো অক্ষুণ্ণ রাখা হোক। দেশের যুবসমাজকে বেকার করার ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এয়ারলাইন্স জিএসএর পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান, যেন দেশের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হয়।
শেষে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, দাবিগুলো মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় প্রেসক্লাব, ঢাকা















