ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন স্বাচীপ নেতা সাজু।
- নিউজ প্রকাশের সময় : ০৪:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন স্বাচীপ নেতা সাজু।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
রবিবার (৮ অক্টোবর) রাতে রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সন্তান শাহজাহান আলম সাজু স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনটি নিজের করতে মরিয়া আওয়ামী লীগ। সর্বশেষ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি থেকে বহিস্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঞাকে সমর্থন দেয় আওয়ামী লীগ। সে সময় আওয়ামী লীগের মনোনয়ন পেতে যারা মনোনয়নপত্র ক্রয় করেছিলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা প্রত্যাহার করে নেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের শেষ নাগাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ফলে উপনির্বাচনে যিনি জয়লাভ করেন তিনি এক মাসের মতো এমপি থাকতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা ৬ বারের এমপি ছিলেন। এছাড়াও একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে গত মঙ্গলবার (৪ অক্টোবর) আসনটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৫ নভেম্বর।
উল্লেখ্য যে, গত ৬ ও ৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা মনোনয়নের জন্য ১৬ জন বিভিন্ন পদবীর নেতা ফরম সংগ্রহ ও জমা করেন।















