শোক, শ্রদ্ধা ও প্রার্থনায় নীরব দৃশ্য—জিয়া পরিবারের কবর জিয়ারতে অশ্রুসিক্ত : শর্মিলা রহমান সিথী

- নিউজ প্রকাশের সময় : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

রিপোর্টার: জয়নাল আবেদিন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কখনো শশুর হিসেবে পাওয়ার সৌভাগ্য হয়নি আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথীর। স্বামীকেও হারিয়েছেন অকালে। জীবনের এই দীর্ঘ বেদনা বুকে নিয়েই তিনি জিয়া পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রেখে শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর–স্নেহ ও মায়া-মমতার মাঝে দিন কাটাচ্ছিলেন।
কিন্তু সময়ের নির্মম পরিহাসে আজ সেই মায়ের মতো শাশুড়িও আর নেই। প্রিয়জন হারানোর শোক যেন আবারও নতুন করে নাড়া দিয়েছে শর্মিলা রহমান সিথীর হৃদয়কে।
গত ২ জানুয়ারি জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বনানী কবরস্থানে শশুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শাশুড়ি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে যান। সেখানে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য—দুই হাত তুলে অশ্রুসিক্ত চোখে মহান আল্লাহতালার দরবারে শশুর-শাশুড়ির রুহের মাগফিরাত কামনায় দোয়া করছেন শর্মিলা রহমান সিথী।
কবর জিয়ারতের সেই মুহূর্তে উপস্থিতদের চোখেও জল এসে যায়। নীরবতা, প্রার্থনা আর শোকের আবহে পুরো পরিবেশ হয়ে ওঠে ভারী। জিয়া পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা ও আনুগত্য, পারিবারিক বন্ধনের গভীরতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন যেন স্পষ্ট হয়ে ওঠে ওই দৃশ্যে।
জিয়া পরিবারের ঘনিষ্ঠজনেরা বলেন, শর্মিলা রহমান সিথী সবসময়ই পরিবারটির ঐতিহ্য, ত্যাগ ও আদর্শকে সম্মান করে এসেছেন। স্বামী হারানোর পর শাশুড়ির স্নেহচ্ছায়ায় থেকে তিনি যে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।
শোকের এই দিনে জিয়া পরিবারের সদস্যরা মহান আল্লাহর কাছে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আদর্শে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।












