১৮তম শিক্ষক নিবন্ধনে বৈষম্যের প্রতিবাদে আমরণ অনশন অব্যাহত — ৪৮ দিনেও সনদের দেখা নেই!

- নিউজ প্রকাশের সময় : ০৮:৫৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

রিপোর্টার মাহাবুব আলম
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে চরম বৈষম্যের প্রতিবাদ ও দ্রুত সনদ প্রদানের দাবিতে ৪৮ দিন যাবত ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী প্রার্থীরা। দীর্ঘদিন ধরে এই আন্দোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আন্দোলনরত প্রার্থীরা অভিযোগ করেন, ১৮তম নিবন্ধনে ফলাফলের ক্ষেত্রে মারাত্মক বৈষম্য হয়েছে। অনেক যোগ্য প্রার্থী অযৌক্তিকভাবে বাদ পড়েছেন, অথচ কম নম্বরপ্রাপ্ত অনেকেই সনদ পেয়েছেন। তাঁরা বলেন, “আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি— এখন শুধু সনদটাই বাকি। অথচ সেই সনদ না পাওয়ায় আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।”
জাতীয় প্রেসক্লাবের সামনে দেখা গেছে, কেউ কেউ রাস্তায় বসে আছেন মাথায় সাদা কাপড় বেঁধে, হাতে সনদের দাবি লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। অনেকের চোখে অশ্রু, মুখে একটাই কথা— “সনদ চাই, ন্যায়বিচার চাই।”
কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও আন্দোলন থেকে কেউই সরে যাননি। এক নারী প্রার্থী বলেন, “আমরা শিক্ষক হতে চেয়েছিলাম, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে তা ভাবিনি কখনো। এখন সনদ ছাড়া ঘরে ফেরা মানে পরাজয়।”
আন্দোলনকারীরা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর সনদ দ্রুত প্রদান করতে হবে এবং ফলাফলের বৈষম্য তদন্ত করে সংশোধন করতে হবে।
তাঁরা সতর্ক করে বলেন, “এই অন্যায়ের অবসান না ঘটলে, আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এদিকে, সাধারণ মানুষ এবং সহকর্মী শিক্ষার্থীরাও অনশনরতদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও “#সনদ_চাই” হ্যাশট্যাগে চলছে ব্যাপক প্রতিবাদ ও সচেতনতামূলক প্রচারণা।
অনশনরত প্রার্থীদের দাবি—
১৮তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনঃমূল্যায়ন
উত্তীর্ণদের সনদ দ্রুত প্রদান নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
৪৮ দিন পার হলেও তাদের আন্দোলনের সুর আরও জোরালো হচ্ছে।
জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় যেন এখন একটাই স্লোগান—
“সনদ না পাওয়া পর্যন্ত ঘরে ফিরব না!”















