“আমি এমপি হলে শেরপুরবাসীর জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করব” — ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

- নিউজ প্রকাশের সময় : ০৯:২১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন
শেরপুর-১ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, “শেরপুরের মানুষের সবচেয়ে বড় সমস্যার একটি হলো মানসম্মত চিকিৎসা সেবা। আমি নির্বাচিত হলে এ অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক ও জনগণের জন্য সহজলভ্য করে তুলব।”
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
ডা. প্রিয়াঙ্কা বলেন,
“শেরপুর সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই, নার্স সংকট রয়েছে, আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। সাধারণ মানুষকে ছোটখাটো রোগের জন্যও ময়মনসিংহ বা ঢাকায় যেতে হয়। আমি জনগণের প্রতিনিধি হতে পারলে এ বাস্তবতা বদলে দেব।”
তিনি আরও বলেন—
শেরপুর সদর হাসপাতালে আধুনিক ICU কার্যকর করা,
প্রতিটি ইউনিয়নে ২৪ ঘন্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা,
গরিব, অসহায় ও প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য কার্ড চালু করা,
মা ও নবজাতকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রোগ্রাম চালুর অঙ্গীকার করেন।
গণসংযোগে স্থানীয় ভোটাররা তাকে স্বাগত জানিয়ে জানান, বহু বছর ধরে অবহেলিত চিকিৎসা খাতকে উন্নত করতে একজন পেশাদার চিকিৎসক-নেত্রী সামনে এলে তারা আশাবাদী।
এ সময় ডা. প্রিয়াঙ্কা আরও বলেন,
“স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়—এটি মানুষের মৌলিক অধিকার। চিকিৎসা ব্যবস্থা ঠিক করা গেলে সমাজ ও পরিবার দুটোই সুস্থ থাকে। তাই আমি আমার অভিজ্ঞতা, জ্ঞান ও অঙ্গীকার এই জেলার মানুষের কল্যাণে ব্যয় করতে চাই।”
তার নির্বাচনী প্রতিশ্রুতি ও মানবিক বক্তব্যে স্থানীয় জনগণের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। শেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে।















