গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

- নিউজ প্রকাশের সময় : ১২:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম
আনিসুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ (কেন্দ্রীয় সংসদ)-এর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের উচ্চতর পরিষদের এক সিদ্ধান্তে এ আদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান মুন্নার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিমালার আলোকে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে উচ্চতর পরিষদ সর্বসম্মতিক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে তিনি পুনরায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় সংসদ) পদে বহাল থাকছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের স্বার্থ এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অভ্যন্তরীণ সব মতপার্থক্য দূর করে দলকে সামনের দিকে এগিয়ে নিতে সবাই মিলেমিশে কাজ করবেন।
এ বিষয়ে আনিসুর রহমান মুন্না বলেন, “দলের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। দলকে শক্তিশালী ও সংগঠিত করতে অতীতের সব বিভ্রান্তি পেছনে ফেলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
গণঅধিকার পরিষদের নেতারা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।













