ঢাকা-৩ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন : মনির হোসেন

- নিউজ প্রকাশের সময় : ০৭:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

রিপোর্টার: জয়নাল আবদীন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে সব বাধা অতিক্রম করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন মোঃ মনির হোসেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হাজী মোঃ নাসির উদ্দিনের ছেলে এবং ইস্পাহানি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত।
নির্বাচনী মাঠে নিজের অবস্থান স্পষ্ট করে মোঃ মনির হোসেন বলেন, “আমি এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় ও উন্নয়নের স্বার্থেই নির্বাচনে এসেছি। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি কাজ করতে চান।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক রাজনীতি থেকে উঠে আসা এই নেতা এলাকাবাসীর কাছে একজন পরিচিত মুখ। তাঁর পিতা মরহুম হাজী মোঃ নাসির উদ্দিন উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এলাকায় সুনাম অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে মনির হোসেনও জনসেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে চান বলে জানান।
ঢাকা-৩ আসনের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে মনির হোসেনের অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। অনেক ভোটার মনে করছেন, স্থানীয়ভাবে পরিচিত ও তরুণ নেতৃত্ব হিসেবে তিনি একটি বিকল্প শক্তি হয়ে উঠতে পারেন।
নির্বাচন সামনে রেখে মনির হোসেন ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্বের আশ্বাস দিচ্ছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে ঢাকা-৩ আসনে উৎসাহ ও আগ্রহ বাড়ছে। প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠছে পুরো এলাকা। সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা যে বেশ জমে উঠেছে, তা বলাই যায়।













