নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

- নিউজ প্রকাশের সময় : ০৭:৩০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

রিপোর্ট:রফিকুল ইসলাম
নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় আলোচনার জন্ম দিয়েছেন জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী। সম্প্রতি এক বক্তব্যে তিনি দাবি করেন, “নির্বাচনের প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, গ্রেপ্তার করবে এবং আমাদের কথায় মামলা করবে।” তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
বক্তব্যে তিনি প্রশাসনিক কাঠামোকে প্রভাবিত করার ইঙ্গিত দিলে রাজনৈতিক বিশ্লেষক, সুশীল সমাজ ও বিভিন্ন দল এটিকে গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলে মন্তব্য করেছে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ রাখার জন্য প্রশাসনের ভূমিকার ওপর যে আস্থা রাখা হয়—এ ধরনের মন্তব্য তা ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও অনেকে মনে করছেন।
এদিকে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, কোনো রাজনৈতিক দল বা নেতার পক্ষে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের দাবি করা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। তারা আরও বলেন, নির্বাচনের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে শাহজাহান চৌধুরীর বক্তব্যের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
দেশের সাধারণ ভোটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব পক্ষকেই দায়িত্বশীল বক্তব্য ও আচরণ প্রদর্শনের আহ্বান জানান তারা।















