ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

- নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে এবং এটাকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হবে।
গতকাল রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে প্রতিনিধিদল শুভেচ্ছা জানায়। পরে তাদের মধ্যে প্রায় ২০ মিনিট আলাপ-আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী যাত্রায় শহীদদের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা ও লালন করা। মাঠে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হবে।
এনসিপি নেতা সারজিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র ধ্বংস করেননি, রাজনৈতিক সংস্কৃতিও নষ্ট করেছেন। আগামী বাংলাদেশের অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা জরুরি।
এনসিপি প্রতিনিধিদলে আরও ছিলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির, তৌহিদ হোসেন ও ঢাকা মহানগর উত্তর গুলশান জোনের মাইনুল ইসলাম প্রমুখ।















