
রিপোর্টার নাঈম হোসেন
বাজারদরের ক্রমবর্ধমান চাপের সাথে সংগতি রেখে হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারী সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করার দাবিতে আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-২১২৬)।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনযাত্রা চরম দুরাবস্থার মধ্যে পড়েছে। অথচ দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুবিধা নিশ্চিত করা হয়নি। তারা দাবি করেন, ৫ মে ২০২৫ তারিখে সরকার ঘোষিত মজুরির গেজেট এখনো বাস্তবায়িত হয়নি, যা শ্রমিকদের প্রতি সুস্পষ্ট অবিচার ও শোষণের দৃষ্টান্ত।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত লাগাতার সংগ্রাম ও দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও বলেন, শ্রমিকদের ওপর চলমান ছাঁটাই, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ইতিমধ্যে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে আন্দোলন জোরদার করেছে। শ্রমিক নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তাহলে দেশব্যাপী হোটেল-রেস্টুরেন্ট সেক্টরে ধর্মঘট ডাকা হবে।”
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। তারা একযোগে বলেন, “আমাদের দাবি কোনো বিলাসিতা নয়, এটি শ্রমিকদের বেঁচে থাকার ন্যূনতম শর্ত।”
দেশের কোটি শ্রমিকের মুখে হাসি ফিরিয়ে আনতে এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম