
বিশেষ প্রতিনিধি ফয়সাল হোসেন
অবশেষে দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ রাতেই পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ, যেখানে আগামী ৩৯ দিন ধরে ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন বিশ্বের সেরা দল ও তারকাদের শৈল্পিক ফুটবল, দারুণ সব গোল, উত্তেজনাপূর্ণ লড়াই এবং শিরোপা জয়ের রোমাঞ্চ।
এবারের আসরে তিনটি দেশের মোট ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। গ্রুপ পর্ব শেষে ৪৮ দলের লড়াই নেমে আসবে ৩২ দলে। এরপর নকআউট পর্ব পেরিয়ে ১৬ দল, কোয়ার্টার ফাইনালে ৮ দল, সেমিফাইনালে ৪ দল এবং শেষ পর্যন্ত দুই ফাইনালিস্ট লড়বে বিশ্বসেরার মুকুট জয়ের লক্ষ্যে।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহারণের ফাইনাল। সেখানেই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন, যারা মাথায় তুলে নেবে ৬.২ কেজি ওজনের বিশ্বকাপ ট্রফি। সর্বশেষ ২০২২ সালে কাতারে এই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
চ্যাম্পিয়নের জন্য রেকর্ড প্রাইজমানি
বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের অন্যতম আগ্রহের বিষয় হচ্ছে প্রাইজমানি। ফিফার ঘোষণানুযায়ী, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৪ কোটি ৪১ লাখ টাকার সমান। কাতার বিশ্বকাপের তুলনায় এবার চ্যাম্পিয়ন দলের পুরস্কার বেড়েছে ৮ মিলিয়ন ডলার।
রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার।
এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। শেষ ষোলো থেকে বাদ পড়া আট দল পাবে ১৫ মিলিয়ন ডলার করে। ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ মিলিয়ন ডলার করে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬ দলও পাবে ৯ মিলিয়ন ডলার করে।
অর্থাৎ বিশ্বকাপ থেকে কোনো দলই শূন্য হাতে ফিরবে না।
ইতিহাসের সবচেয়ে লাভজনক ক্রীড়া আসর
বিশ্বকাপ ২০২৬ শুধু মাঠের লড়াইয়েই নয়, অর্থনৈতিক দিক থেকেও ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, এই বিশ্বকাপ প্রায় ৮০.১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক উৎপাদন সৃষ্টি করবে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে লাভজনক ক্রীড়া ইভেন্টে পরিণত করবে।
অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে ফিফার চার বছরের আয়চক্রে মোট আয় দাঁড়াবে প্রায় ১৩ বিলিয়ন ডলার, যা ২০২২ কাতার বিশ্বকাপকে ঘিরে অর্জিত ৭.৫ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
ফুটবল উন্মাদনায় মাতবে বিশ্ব
বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার দিকে। লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারবে কি না, নাকি ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি কিংবা অন্য কোনো দল নতুন ইতিহাস লিখবে—সেই উত্তর মিলবে আগামী ৩৯ দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষে।
আজ রাতের উদ্বোধনী বাঁশির সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ। আর সেই যুদ্ধের শেষ হাসি হাসবে মাত্র একটি দল, যারা বিশ্বচ্যাম্পিয়নের গৌরব নিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখবে সোনালি অক্ষরে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম