ব্রাহ্মণবাড়িয়ায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রলীগের বাঁধা

- নিউজ প্রকাশের সময় : ০৮:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যমূলক কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলন করা সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে জেলা ছাত্রলীগ। এতে আন্দোলনকারীরা সংক্ষিপ্ত ভাবে তাদের কর্মসূচী পালন করে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটেছে।ব্রাহ্মণবাড়িয়া কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারি সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম মুনতাসির বলেন মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ঘোষিত কোটাবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা যৌক্তিক সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সভার আয়োজন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনসহ ছাত্রলীগের কর্মীরা আমাদের সমাবেশ স্থলে অবস্থান নেয়। এ সময় তারা আন্দোলনে জামাত-বিএনপির সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে কোনো বিশৃঙ্খলা হলে দায় দায়িত্ব আন্দোলনকারীদের নেওয়ার কথা জানায়। এছাড়া ছাত্রলীগের কর্মীরা অনেকটা মারমূখী অবস্থানে থাকায় সমাবেশটি সংক্ষিপ্ত করা হয়। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক শিক্ষার্থী সানিউর রহমান বক্তব্য রাখেন। এছাড়াও শাহালম পালোয়ান, আশিকুর রহমানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বৈষম্য মূলক মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও রাষ্ট্র প্রধানের অপমানজনক বক্তব্য প্রত্যাহারের দাবি এবং ছাত্রলীগের কর্তৃক সাধারন শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা আরো বলেন, আমরা কোন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের কাজ করছি না। আমরা আমাদের অধিকার আদায়ে দাবি জানাই। আমরা মহান মুক্তিযুদ্ধের সৈনিক ও প্রজন্ম বিরোধী কোন কিছু করছি। কিন্তু একটা মহল আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাহিত করতে চেষ্টা করার অভিযোগ করা হয়। এছাড়াও বিক্ষোভ সমাবেশে তারা সকল শ্রেণীর সরকারি চাকরিতে নারী, প্রতিবন্ধী, অনুন্নত জনপদ, অনগ্রসর জাতিসত্তা ও বঞ্চিত শ্রেণীর জন্য যৌক্তিক মাত্রায় কোটা নিশ্চিত করে কোটা পদ্ধতি সংস্করণ আহবান জানান। এদিকে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে জামাত-শিবিরের বিশৃঙ্খলা ও নৈরাজ্য এবং জনসাধারণ জানমালে ক্ষতি সাধন যাতে না করতে পারে সেজন্য বিভিন্ন স্থানে জেলা ছাত্রলীগ অবস্থান নেয়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন বলেন, আমরা সাধারন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাঁধা দেয়নি। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই আন্দোলনের নামে জামাত-শিবিরের বিশৃঙ্খলা কর্মকান্ড যাতে ঘটাতে না পারে সেজন্য আমরা অবস্থান নিয়েছি।















