
কুমিল্লা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা–বাবার দোয়া নিয়ে বের হইয়েন।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তথাকথিত ‘ফ্যামিলি কার্ড’ সম্পূর্ণ ভুয়া ও বেআইনি। তিনি উল্লেখ করেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই এ কার্ডকে অবৈধ ঘোষণা করেছেন। এ ধরনের কার্ড নিয়ে কেউ এলে তাকে আটক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এগুলো নির্বাচনের আচরণবিধির সরাসরি লঙ্ঘন।”
ডা. তাহের আরও বলেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে সমঝোতা করেছে। তারা আবার ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। তবে দেশের মানুষ, বিশেষ করে চার কোটি যুবসমাজ, কখনোই তা হতে দেবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।” তিনি আরও বলেন, “যারা শয়তানি করে তাদের মারবেন না, ধরে পুলিশে দিন। তবে যারা ভোট প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের আমরা ছাড় দেব না।”
জনসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া এবং খেলাফত মজলিশ উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম