
উপজেলায় দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রত্যাহার শেষউপজেলা নির্বাচনে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপেও কেন্দ্রের নির্দেশনার তোয়াক্কা করছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার বিরোধী বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা। দলের নির্দেশনা উপেক্ষা করে এ ধাপেও প্রার্থিতা বহাল রেখে ভোটের মাঠে রয়েছেন মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনরা। কেন্দ্র থেকে দেওয়া কঠোর হুঁশিয়ারি তাদের ভোটের মাঠ থেকে সরাতে পারেনি। অন্যদিকে হাইকমান্ডের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনে লড়ার সিদ্ধান্তে অটল রয়েছেন বিএনপির অন্তত দুই ডজন নেতাকর্মী। প্রথম ধাপের প্রার্থীদের বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তও তাদের পিছু হটাতে পারেনি।নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রগুলো জানায়, দ্বিতীয় ধাপের ১৬০টি উপজেলা ভোটে সরকারের মন্ত্রী-এমপিদের অন্তত ৩০ জন আত্মীয়-স্বজন মনোনয়ন জমা দেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মাত্র কয়েকজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনী মাঠে বহাল রয়েছেন অন্যরা। অন্যদিকে, এ ধাপে বিএনপির অন্তত ৩০ জন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে কেন্দ্রের নির্দেশনা মেনে গতকাল তাদের কয়েকজন ভোটের মাঠ থেকে সরে যান। বাকিরা প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে মোট দুই হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৭৭ ভাইস চেয়ারম্যান পদে ৭০১ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৩৮ জন রয়েছেন। এর মধ্যে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় ইতোমধ্যে তিনজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন নারী ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল নির্বাচনী মাঠ থেকে সরে পড়েন অনেকে। বাকি প্রার্থীদের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরই আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়বেন প্রার্থীরা। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ হবে। আগামী ৮ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের এ নির্বাচন শুরু হচ্ছে। ২৯ মে তৃতীয় এবং ৫ জুন সর্বশেষ চতুর্থ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম