মুখে কালো কাপড় বেঁধে আজ মিছিল করবেন শিক্ষকরা

- নিউজ প্রকাশের সময় : ১২:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চরম বৈষম্য ও সনদ প্রদানের দাবিতে ক্ষুব্ধ শিক্ষক প্রার্থীরা আজ মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করবেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সকাল ১০টার দিকে এ মিছিল শুরু হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
জানা গেছে, দীর্ঘ ৫০ দিন ধরে তারা অনশন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। কিন্তু এখনো শিক্ষা মন্ত্রণালয় কিংবা এনটিআরসিএ পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় আজকের কর্মসূচি আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষক প্রার্থীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বলেন, “আমরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে পাস করেছি, অথচ আমাদের সনদ দেওয়া হচ্ছে না। এই অন্যায়ের বিরুদ্ধে আজ মুখে কালো কাপড় বেঁধে নীরব মিছিল করবো।”
শিক্ষক প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান যেন দ্রুত বৈষম্যমুক্তভাবে সনদ প্রদান করা হয় এবং ভবিষ্যতে এমন অবিচার আর না ঘটে।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষক প্রার্থীরা প্রেসক্লাবমুখী হচ্ছেন। মিছিলকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
আন্দোলনকারীদের হুঁশিয়ারি—দাবি পূরণ না হলে তারা আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন















