
রিপোর্টার ফয়সাল হোসেন
ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর চারটি প্রধান আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের সিদ্ধান্তসমূহ সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, রাজধানীর ভেতরে অবস্থিত বড় বাস টার্মিনালগুলোর কারণে সৃষ্ট যানজট ও জনভোগান্তি কমাতে পর্যায়ক্রমে এসব টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান আন্তঃনগর বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে। গাবতলী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে হেমায়েতপুরে। মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে রাজধানীর পূর্বাঞ্চলে স্থানান্তর করা হবে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গির নিকটবর্তী এলাকায় স্থানান্তর করা হবে। অন্যদিকে সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কাঁচপুরে।
সভায় প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকাজুড়ে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো নির্দিষ্ট স্থানে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবৈধ ও অনিয়ন্ত্রিত বাস কাউন্টার যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কাউন্টারকে পরিকল্পিতভাবে নির্ধারিত স্থানে স্থানান্তর করলে যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে।
বৈঠকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা চালু এবং ট্রাফিক মনিটরিং ব্যবস্থার উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এআই ক্যামেরা স্থাপনের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় উচ্চপর্যায়ের বৈঠক। এর আগেও তিনি একাধিক সভায় ঢাকাকে একটি আধুনিক, গতিশীল ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।
বিশেষজ্ঞদের মতে, রাজধানীর বাইরে আধুনিক আন্তঃনগর বাস টার্মিনাল স্থাপন করা গেলে শহরের ভেতরে ভারী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে নগর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিও হ্রাস পাবে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম