
রিপোর্টার রফিকুল ইসলাম
ফেসবুক থেকে নেওয়া
শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার প্রতিবাদে আগামী সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা শুধু একজন নেতার ওপর আঘাত নয়, বরং গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের ওপর সরাসরি আঘাত।
ফেসবুক পোস্টে জুমা লেখেন, হাদির আঘাত পাওয়ার পর থেকে সবচেয়ে শক্ত থাকার চেষ্টা করছেন তিনি ও ইনকিলাবের আরেক কর্মী ফাহিম। অথচ তারাই ছিলেন সংগঠনের সবচেয়ে আবেগপ্রবণ ও ইম্পালসিভ কর্মী। তিনি উল্লেখ করেন, তাদের এই দৃঢ়তা দেখে যদি কারও মনে হয় পরিস্থিতি স্বাভাবিক, তবে সংগঠনের অন্য কর্মীদের মানসিক অবস্থা ও কান্না দেখলে কেউ তা বিশ্বাস করতে পারবে না।
ওসমান হাদির মানবিক ও সংগ্রামী চরিত্র তুলে ধরে জুমা লেখেন, তিনি এমন একজন নেতা যিনি কর্মীদের কাজ নিজে এগিয়ে গিয়ে করে দেন। আঘাত পাওয়ার দিনও তিনি সহযোদ্ধা জাবেরের কাপড় নিজ হাতে ধুয়ে দিয়েছিলেন। তার সততা, পরিশ্রম ও ন্যায়বোধের শিক্ষা সংগঠনের কর্মীদের জীবনের মূল আদর্শ হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
জুমা আরও লেখেন, ওসমান হাদির নেতৃত্বে একটি ছোট টিম কীভাবে এত বড় কাজ করতে পেরেছে, তা তিনি ভবিষ্যতে বিস্তারিতভাবে তুলে ধরবেন। অপবাদ, ট্রল, মিথ্যাচার ও হুমকির পরও কেন এত মানুষ তার পাশে থেকেছে—তার ব্যাখ্যাও দেবেন বলে জানান তিনি।
পোস্টে তিনি অভিযোগ করেন, রাষ্ট্র তার সবচেয়ে সৎ ও দেশপ্রেমিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই ঘটনার দায় রাষ্ট্রকে নিতেই হবে বলে মন্তব্য করেন তিনি। অপরাধ করে কেউ পার পেয়ে যাবে না বলেও হুঁশিয়ারি দেন ডাকসুর এই নেত্রী।
সবশেষে ফাতিমা তাসনিম জুমা বলেন, “আগামীকাল সোমবার বিকাল ৩টায় শহীদ মিনারে আসুন। রক্তের জবাব নিয়েই ফিরবো।” তিনি প্রতিরোধ সমাবেশ সফল করতে ছাত্রসমাজ, রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিও জোরালো হচ্ছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম