সিল মারা ঠেকাতে সকালে ব্যালট পাঠাবে নির্বাচন কমিশন।

- নিউজ প্রকাশের সময় : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

রাতে সিল মারা ঠেকাতে সকালে ব্যালট পাঠাবে ইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের সিল মারা ঠেকাতে ভোটকেন্দ্রগুলোতে সকালে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ভবনের নিজ দপ্তরে রোববার (০৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এমন পরিকল্পনার কথা জানান।
এবারও ব্যালটেই নির্বাচন হবে। আগেও যেভাবে এগোনো হয়েছে এবারো সেভাবেই হবে বলে তিনি জানান। ব্যালটে নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হয়, সে জন্য আমাদের কিছু কৌশল আছে, সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তার মধ্যে যেমন , আমরা দায়িত্ব নেওয়ার পরে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠাই, যদি যোগাযোগ ব্যবস্থা একে বারে বাজে অবস্থা না থাকে বা উন্নত না হয়; এই ধরনের ক্ষেত্রে একটু আগে পাঠাই। আর যে সকল এলাকায় যোগাযোগ ব্যবস্তা ভালো, ভোট শুরু হওয়ার আগেই পৌঁছানো সম্ভব, সে সমন্ত কেন্দ্রে আমরা সকালে ব্যালট পাঠাই।
তিনি বলেন, যতগুলো নির্বাচন ব্যালটে করেছি, ব্যালট এভাবেই সকালে পাঠানো হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এই ধরনের সিদ্ধান্ত হয়তো নিতে পারি। যেগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব সেগুলোকে চিহ্নিত করা এবং যেখানে পাঠানো সম্ভব নয়, সেখানে আমরা বিশেষ ব্যবস্থায় রাতে ব্যালট পেপার পাঠাব, পথে যেন মিসইউজ বা ছিনতাই না হতে পারে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, বিষয়টি আমাদের মধ্যে আলোচনাও হয় নাই তেমন। ফরমাল কোনো আলোচনা হয়নি। চিন্তা-ভাবনাও নাই। কারণ আপনারা জানেন যে, ৩০০ আসনে যখন ভোট হয় চার লাখ ভোটকেন্দ্র থাকে। সেখানে হয়তো বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে, এতগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়ে তা দেখা কঠিন। আমরা সে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা… আইন-শৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য নিয়োগ করব।
তিনি আরও বলেন, সবগুলো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে এমনিতেই একটা ভারসাম্য থাকে। আইন-শৃঙ্খলা বাহিনীর চেয়ে বরং তারাই শৃঙ্খলা রক্ষায় একটা ভূমিকা নেয়। কারণ তারা জানেন যে, নির্বাচনে যদি কোনো পরিস্থিতির অবনতি হয় বা ভণ্ডুল পরিস্থিতির সৃষ্টি হয়, তারাই ক্ষতিগ্রস্ত হবে।
















