
রিপোর্টার মোঃ সোরহাব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। বাদ জোহর এই জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ জানান, দেশব্যাপী সর্বস্তরের মানুষ যেন শেষবারের মতো প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে পারেন—সেই বিবেচনায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, জানাজা শেষে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পরিবার ও দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দুই দফা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং আপসহীন নেতৃত্বের জন্য সমর্থকদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
তার মৃত্যুতে বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় কার্যালয়সহ সারাদেশে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করা হচ্ছে।
দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে খালেদা জিয়ার বিদায়কে কেন্দ্র করে বুধবার রাজধানীতে বিপুল জনসমাগমের আশঙ্কা করা হচ্ছে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম