১৫ দিনে কাজ শুরু না করলে বড় পদক্ষেপ’ — কেরানীগঞ্জের মানববন্ধন থেকে হুঁ*শিয়ারি:

- নিউজ প্রকাশের সময় : ০৩:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

রিপোর্টার- মো: মজিবুর রহমান।
ঢাকা:
রাজধানীর কেরানীগঞ্জে হাসনাবাদ পানগাঁও কন্টেইনার রোডের বেহাল দশা ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের আলটিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু না হলে আরও বৃহত্তর কর্মসূচি ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাসনাবাদ উড়িষ্যা ফ্যাক্টরির সামনে বিভিন্ন সামাজিক সংগঠন ও গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,
“এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। অথচ খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ১৫ দিনের মধ্যে সংস্কার শুরু না হলে আমরা রাস্তায় আরও বড় কর্মসূচি দেব।”
“দেশের একটি গুরুত্বপূর্ণ কন্টেইনার সড়ক এমন বেহাল অবস্থায় পড়ে থাকবে—এটা মেনে নেওয়া যায় না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
“শুধু প্রতিশ্রুতি নয়, আমরা কাজ চাই। মানুষ আর ভোগান্তি সইতে পারছে না। এখনই পদক্ষেপ না নিলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
এলাকাবাসীর অভিযোগ, পানগাঁও কন্টেইনার রোড দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। বর্ষায় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কের বেহাল অবস্থায় ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধনে শতাধিক গ্রামবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।












