আখাউড়া স্থলবন্দর পাথর আমদানি।
- নিউজ প্রকাশের সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

আখাউড়া স্থলবন্দর পাথর আমদানি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক হাজার টন পাথর আমদানি করা হয়েছে। আজ রোববার ভারতীয় ৪৪টি ট্রাকে করে এ ভাঙা পাথর আমদানি করা হয়।
স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত ভারতীয় ৪৪টি ট্রাকে করে এক হাজার টন ভাঙা পাথর ভারত থেকে আমদানি হয়। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথরগুলো বন্দর থেকে খালাস করবে।’
জানা গেছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছে। আমদানি করা পাথর থেকে আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে।
পাথর আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক বলেন, ‘বন্দর দিয়ে নতুন করে আরও এক হাজার টন ভাঙা পাথর আমদানির জন্য এলসি খোলা হয়েছে। আজ ৪৪টি ভারতীয় ট্রাকে করে এক হাজার টন পাথর আমদানি করা হয়েছে।’
















