আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদ

- নিউজ প্রকাশের সময় : ০১:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। সংগঠনটির নেতারা বলেন, এ ধরনের মন্তব্য শুধু একটি পরিবারকে আঘাত করে না, বরং দেশের রাজনৈতিক ঐতিহ্য ও শালীন রাজনীতির ওপর সরাসরি আঘাত হানে।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সরদার মোঃ শাহ্ জালাল এক বিবৃতিতে বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকো ছিলেন একজন ভদ্র, নম্র ও ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি রাজনীতির বাইরে থেকেও দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছেন। এমন একজন প্রয়াত ব্যক্তিকে নিয়ে কটূক্তি করা চরম নৈতিক অবক্ষয়ের পরিচয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, “কিছু মানুষ খেয়াল-খুশি ও আবেগের বশবর্তী হয়ে নিজের বিবেক ও চরিত্রের সীমা হারিয়ে ফেলেন। আমির হামজার ক্ষেত্রেও সেটিই ঘটেছে। আবেগের ঠেলায় যা খুশি বলা যায়, কিন্তু পরে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কারণ কিছু শব্দ ক্ষমার আগেই একজন মানুষের মানসিকতা ও নৈতিক অবস্থান প্রকাশ করে দেয়।”
সরদার মোঃ শাহ্ জালাল বলেন, রাজনীতি হতে পারে মত ও আদর্শের লড়াই। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিশেষ করে মৃত মানুষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শালীনতা ও সংযম হারালে রাজনীতি শক্তিশালী হয় না, বরং তা দুর্বল হয়ে পড়ে এবং সমাজে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।
বিবৃতির শেষাংশে তিনি স্পষ্টভাবে এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ভবিষ্যতে সবাই যেন দায়িত্বশীল ও সংযত আচরণ করেন, সেই প্রত্যাশা করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ।


















