উন্নয়ন প্রকল্পের ভাগ মা-ছেলেকে দিতে হতো: আইনমন্ত্রী

- নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ১০২ বার পড়া হয়েছে

উন্নয়ন প্রকল্পের ভাগ মা-ছেলেকে দিতে হতো: আইনমন্ত্রী
বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই তারা উন্নয়নের কর্মকাণ্ডের নামে বিভিন্ন প্রকল্প থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া দেওয়া বাধ্যতামূলক ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যখন বিশ্ব ব্যাংকসহ অন্য সাহায্য সংস্থাগুলো বলেছে টাকা দেবে না, তখন প্রধানমন্ত্রী দেশের মানুষের টাকায় সেই সেতু করেছেন। দেশের মানুষকে আগে মিসকিন বলা হতো, বলা হতো তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। তিনি আপনাদের মর্যাদা এনে দিয়েছেন।
বিএনপি সমালোচনা করে তিনি বলেন, একটি ব্রিজ বানাতে গেলে প্রথম খেতেন উনার (খালেদা জিয়া) সংসদ সদস্যরা, এরপর খেতেন মন্ত্রীরা, তার ছেলে এবং এরপর উনি খেতেন।তিনি মনে করেছিলেন শেখ হাসিনাও একই রকম কিন্তু শেখ হাসিনা ওনার মত না। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। তিনি বঙ্গবন্ধুর মত সততার সাথে কাজ করেন।
আওয়ামী লীগের এ বর্ধিত সভায় আরও ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমএ জি হাক্কানীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















