ট্রাক চুরি করে পালানোর সময় ট্রাক দুর্ঘটনা ও চোর গ্রেফতার।

- নিউজ প্রকাশের সময় : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

দর্শনায় আলোচিত একাধাকি ট্রাক চুরি মামলার আসামী হৃদয় এবার জনতার হাতে আটক হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর থেকে ট্রাক চুরি করে পালানোর সময় যশোর-দর্শনা সড়কের জীবননগর, সন্তোষপুর, আকন্দবাড়িয়া ও দর্শনায় বিভিন্ন স্থানে ঘটায় একাধিক দুর্ঘটনা। এতে গুরুতর আহত হয়েছে ৫ জন। এ দুর্ঘটনায় একাধিক মোটরসাইকেল, পাখিভ্যান ভেঙে গুড়িয়ে গেছে। মারা গেছে ৬টি ছাগল। শুধু তাই নয়, একাধিক দোকান ও ঘর বাড়ি ভেঙেছে বলেও জানা গেছে। পরে দর্শনা পোর্ট রোডে কেরু কোম্পানীর আখ ক্ষেতের পাশে থাকা বাবলা গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের কেবিন ভেঙেচুরে আটকে যায়। এমন অবস্থায় ট্রাক ফেলে পালানোর সময় জনতার হাতে আটক হয় চোর হৃদয়। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে বিজিবির হাতে সোপর্দ করা হয়।জানা গেছে, যশোর শেকাটি বাবলাতলার ইমরান আলীর ছেলে মুরাদ হোসেন প্রতিদিনের মতো গত সোমবার ওই স্থানে ট্রাক রেখে বাড়িতে যান। পরদিন সকালে এসে (ঢাকা মেট্রো-ট ১১-৬৫২৭) ট্রাকটি না পেয়ে সিসি টিভির ফুটেজে দেখে। এতে দেখা যায় রাত দেড়টার দিকে ৩ জন ট্রাকটি চুরি করে পালাতে। এই চুরিকৃত ট্রাকটি চালিয়ে নিয়ে আসছিলো দর্শনা মোহাম্মদপুরের শফি উদ্দিন মিস্ত্রির ছেলে একাধিক ট্রাক চুরি মামলার আসামী রিয়াজ হোসেন রিদয়(২২)। গতকাল মঙ্গলবার সকালের দিকে ট্রাক চুরি করে পালানোর সময় পথিমধ্যে ঘটিয়েছে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা। জীবননগরে দুর্ঘটনা ঘটিয়ে দ্রুতগতিতে আসার পথে দর্শনা আকন্দবাড়িয়া বটতলায় কয়েকটি টোঙ দোকান ভেঙ্গেছে ট্রাকে। বটতলা থেকেই ট্রাকের পিছু নেয় ক্ষতিগ্রস্থরা। এ সময় আকন্দবাড়িয়া গাংপাড়ার মালেকের মোটরসাইকেল ট্রাকের চাকায় গুড়িয়ে দেয়। কলুপাড়ার লিখনের ছেলে আবু সাঈদের হাত ও পা ভাঙ্গে আবার একই সড়কে ৬টি ছাগল মরেছে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে।ছাগলের মালিকরা হলেন শরিফুল ও মুকুল। আকন্দবাড়িয়া শামসুল ইসলাম সড়কের ধারে গাছের তলে বসে থাকা ভ্যান চালক সহ ১২ জনের মধ্যে ৮ জন রক্ষা পেলেও আহত হয়েছে ৪ জন।














