দেশজুড়ে চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম বিসিএসের অপেক্ষমান চিকিৎসকদের নিয়োগ দাবি

- নিউজ প্রকাশের সময় : ১১:২৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: মাহাবুব আলম
ঢাকা, জাতীয় প্রেসক্লাব,
দেশের প্রান্তিক পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক সংকট নিরসন এবং ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সৃষ্টি হওয়া ওভারল্যাপিং সমস্যার যৌক্তিক সমাধান দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ৪৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রত্যাশী চিকিৎসক ফোরাম।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় শতাধিক অপেক্ষমান চিকিৎসক। তারা “চিকিৎসক সংকট মেটাতে দ্রুত নিয়োগ দিন”, “ওভারল্যাপিং নয়, ন্যায্য নিয়োগ চাই” ইত্যাদি প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।
বক্তারা জানান, ৪৮তম বিসিএস পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় ৩১২০ জন চিকিৎসক অতিরিক্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের অপেক্ষায় রয়েছেন। অপরদিকে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে ভয়াবহ চিকিৎসক সংকট বিরাজ করছে। তারা বলেন, “দেশে চিকিৎসক স্বল্পতার কারণে সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত হচ্ছে, অথচ যোগ্য চিকিৎসকরা নিয়োগের অভাবে ঘরে বসে আছেন—এটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”
সমাবেশে বক্তারা আরও বলেন, ৪৪ থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার সময় স্বাস্থ্য ক্যাডারে ‘ওভারল্যাপিং’ সমস্যা তৈরি হয়েছে, যার ফলে অনেক পদ এখনো শূন্য থাকা সত্ত্বেও নতুন নিয়োগ আটকে আছে। এ অবস্থায় ৪৮তম বিসিএসের উত্তীর্ণদের নিয়োগ দিলে একদিকে চিকিৎসক সংকট কমবে, অন্যদিকে প্রশাসনিক জটিলতাও দূর হবে।
৪৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রত্যাশী চিকিৎসক ফোরামের নেতৃবৃন্দ দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে সারাদেশে আন্দোলন কর্মসূচি আরও বেগবান করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে তাদের এই ন্যায্য দাবির দ্রুত বাস্তবায়ন এবং স্বাস্থ্যখাতে স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাব, ঢাকা















