প্রধান উপদেষ্টার বরাবরে আকুল আবেদন: পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবিতে কর্মসূচি ঘোষণা

- নিউজ প্রকাশের সময় : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: হৃদয় চৌধুরী মামুন
ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ৯ই আগস্ট থেকে বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে পুনর্বাসন ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। এ কর্মসূচি আগামী ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দাবিগুলো আদায় না হলে এবং পুলিশি নির্যাতন বন্ধ না করলে আগামী ২৮শে সেপ্টেম্বর ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারগুলো অন্যায়ভাবে উচ্ছেদ ও ক্ষতিপূরণ বঞ্চনার শিকার হচ্ছেন। তাঁরা বলেন, এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়বে। তাই সরকারের প্রতি তাদের জোর দাবি—
১. উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের পুনর্বাসন নিশ্চিত করা।
২. কলমিলতা বাজারে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
নেতৃবৃন্দ আরও জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টায় আন্দোলন সমর্থনকারী বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও নেতারা অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখবেন। তাঁরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই আন্দোলন কেবল ভুক্তভোগী মানুষের দাবি নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের আন্দোলন।”
আয়োজক সংগঠন বস্তি পুনর্বাসন ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ আদায়ের সংগ্রাম পরিষদ দৃঢ়ভাবে জানায়, দাবি পূরণ না হলে আগামী ২৮ সেপ্টেম্বরের হরতাল সফল করতে সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানানো হবে।















