ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।
- নিউজ প্রকাশের সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে নির্ধারিত দিনে এখন পর্যন্ত ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়ন জমা দেন প্রার্থীরা।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মো. আব্দুল হামিদ ভাসানী, সাবেক দুবারের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রাথী (রওশন এরশাদ গ্রুপের) এডভোকেট জিয়াউল হক মৃধা, জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম জানান, সকাল থেকে প্রার্থীরা সুষ্ঠু পরিবেশে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়পত্র যাচাই-বাছাই ও ১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।
উপনির্বাচনে মনোনয়ন জমাকারী প্রত্যক প্রার্থী আশা করেন জনগন তাদের পছন্দের ও যোগ্যতা সম্পন্ন এবং এলাকার উন্নয়নের পক্ষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। বর্তমানের প্রেক্ষাপটে নির্বাচন সুষ্ঠ হবে বলেছেন অনেকেই।
এদিকে মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে নিজ দলের প্রার্থী সমর্থকেরা মিছিল সহকারে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে জড়ো হন। এসময় মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।
উল্লেখ, গত ৩০ সেপ্টেম্বর এই আসনের বিএনপি থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র(আওয়ামী লীগ সমর্থিত) সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যু হলে আসনটি শুন্য ঘোষণা করে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ।















