মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত।
- নিউজ প্রকাশের সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছুটিতে বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া কসবা-আখাউড়া সড়কের কসবা পৌর এলাকার ফুলতলী হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার আদ্রা এলাকার বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সিপাহী পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় উপজেলার শাহপুরের সুমন মিয়া নামের এক যুবক আহত হয়েছেন।
কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন দেশপ্রিয়কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে আসেন জসিম উদ্দিন। সোমবার বিকেলে তিনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কসবা-আখাউড়া সড়কে হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে পোঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জসিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে গর্তে পড়ে গুরুতর আঘাত পান।
এসময় সুমন মিয়া নামের আরেকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে আছে।















