লাকসামে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো ছেলে

- নিউজ প্রকাশের সময় : ০৬:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

কুমিল্লার জেলার লাকসাম উপজেলার এলাইচ পশ্চিম পাড়া মিয়াজি বাড়ীতে বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো ছেলে। শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম (৯০) উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ পশ্চিম পাড়া মিয়াজি বাড়ির মৃত মৌলভী হাবিবুর রহমানের স্ত্রী। ঘাতক বাহার (৫৫) নিহত নুরজাহান বেগমের বড় ছেলে। নিহত নুরজাহান বেগমের ৭ ছেলে ও ১ মেয়ের মধ্যে ঘাতক বাহার সবার বড়।স্থানীয় লোকজন জানায়, ঘাতক আহসানুজ্জামান বাহার বেকার অবস্থায় নিজ বাড়িতে বসবাস করেন। সে জন্মসূত্রে মানসিক রোগী। মানসিক সমস্যা থাকায় বিয়ের পরপরই তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন তিনি। ঘটনার সময় তার মা টুকরি আনতে বলায় রেগে গিয়ে রান্না ঘরের সামনে পড়ে থাকা বটি দা দিয়ে ঘাড়ে উপর্যুপুরি কোপায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মা নুরজাহান বেগম।এ সময় বাহারের একমাত্র বোন দেখে দৌড়ে আসলে মায়ের নিথর দেহ ফেলে ছেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে থানায় নিয়ে যায়।খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ঘটনাস্থলে ছুটে আসন।স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব মোঃ তাজুল ইসলাম বলেন, বাহার ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভোগছেন। আমরা তাকে পাগলা বাহার নামে ডাকি। সবসময় তার মাথা গরম থাকে। একটু এদিক-সেদিক হলেই সে পাগলামী শুরু করে। লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।
















