সুন্দর বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সময় নেবে সরকার।- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

- নিউজ প্রকাশের সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই বিল্পবের পর যে বাংলাদেশ তৈরি হয়েছে সেটি যেন পূর্বের অবস্থায় ফিরে না যায় সেটিই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য। এই সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। আমাদের দায়িত্ব হলো এমন পরিবেশ তৈরি করা যাতে সুন্দর ও শান্তিপূর্ণ এবং উন্নত বাংলাদেশ গড়ে উঠে। একটি সর্বজনস্বীকৃত পদ্ধতিতে জনগণের নির্বাচিত সরকার গঠন হতে পারে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় এআরডি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্ঠা ফরিদা আখতার বলেন, ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে তাদের প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী ধাপটা বুঝতে পারব।দেশের কাঠামো সংস্কারে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সময় নিয়ে কাজ করছে। আর এই প্রয়োজনীয় সময়টাকে বিলম্ব ভাবাটা উচিত নয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সময়ের এক দিন বেশিও থাকতে চায় না।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলেছেন সেটি উনার ব্যাপার। ছাত্র আন্দোলনে নিহতদের রক্তের বিনিময়ে গঠিত অন্তবর্তীকালীন সরকার। কাজেই এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকার যেন গঠিত হয় সেই পরিবেশ করা। নিজেদের ইচ্ছা অনুযায়ী কিছুই হচ্ছে না। সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে নির্বাচিত সরকারের হাতে তুলে দিতেই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে।
জামায়াতের আহ্বানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে গতকালই রংপুরে শহীদ পরিবারগুলোকে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। কাজেই অন্তর্বর্তীকালীন সরকার এ সকল কাজ নিজেই করছে। তাছাড়া যারা আহত হয়েছে তাদেরকে ৩ লাখ টাকা এবং তাদের চিকিৎসায় বিশেষ সুবিধার জন্য কার্ড করে দেওয়া হচ্ছে। এ ছাড়া যারা হাত-পা-চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন তাদের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার পুনর্বাসনের ব্যবস্থা করছে।
ইলিশ নিয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, একটি সময় আছে যখন ইলিশ পদ্মা, মেঘনা থেকে আসে ডিম পাড়ার জন্য। সেই সুযোগটা যদি না দিই তাহলে উৎপাদন ব্যর্থ হবে। আর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে ইলিশ বাজারে পেলেও ক্ষতি নেই। কারণ এর ভেতরে ইলিশ ডিম ছেড়ে দেয়। এবার ইলিশ নিধন বন্ধের অভিযান ফলপ্রসূ হয়েছে। কারণ ইলিশ আগে পদ্মা-মেঘনা পর্যন্ত থেকে যেত, এবার রাজশাহীসহ তিস্তা নদীতেও ইলিশ পাওয়া যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে মা ইলিশগুলো রক্ষা পেয়েছে।
আলোচনা সভায় উপদেষ্টা তরুণ শিক্ষার্থী ও প্রজন্মের সহযোগিতা কামনা করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান চর্চার গুরুত্বারোপ ও সরকারি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষ হতে চারটি দাবি নিয়ে মাননীয় উপদেষ্টার কাছে একটি স্বারকলিপি তুলে ধরেন।
বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মো. জাবেদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম।
এআরডির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে স্বাগত ও মুখ্য আলোচনা করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এআরডির নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান।
এর আগে বিজ্ঞান মেলার উদ্বোধনের পর ফরিদা আখতার অতিথিদের সঙ্গে স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন।অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব প্রথম হওয়ার পুরুষ্কার অর্জন করেন। দ্বিতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ। এছাড়াও বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।












