শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে চা দোকানীর মৃত্যু

- নিউজ প্রকাশের সময় : ০৪:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে নিজ চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৮) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছেন। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে নন্নী ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শাহিন ওই গ্রামের মৃত আতর আলী ছেলে।নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত শাহিন মিয়া শনিবার সকাল পৌনে ৯টার দিকে দোকানে চা বানানোর জন্য চুলায় সেট করে রাখা মিনি বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় অসাবধানতাবশত ছেড়া তার হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারে ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নালিতাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
















