দর্শনা থেকে ৩৮ লাখ টাকার স্বর্ণের গহনা উদ্ধার

- নিউজ প্রকাশের সময় : ০১:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর সীমান্ত থেকে প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল শনিবার সকাল ১০ দিকে দর্শনা সুলতানপুর সীমান্ত এলাকা থেকে স্বর্ণের গহনাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সুলতানপুর সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ১০ টায় সীমান্ত পিলার ৭৭/৫-আর হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের ভিতরে ছয়ঘড়িয়া মসজিদের সামনে অবস্থান নেন। এসময় বিজিবি টহলদল সন্দেহভাজন তিন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে এ এলাকা দিয়ে সীমান্ত থেকে দর্শনা অভিমুখে দিকে যেতে দেখে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল আরোহীগণ মোটরসাইকেল ঘুরিয়ে সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে। টহলদল তাদেরকে ধাওয়া করলে মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী তার সাথে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভিতর পালিয়ে যায় এবং অপর দুই আরোহী মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্ত অভিমুখে পালিয়ে যায়। বিজিবি টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগটি জব্দ করে ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৩৮ লাখ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমদ জানান, উদ্ধারকৃত বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।












