১৯৭১ সালকে ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই — মির্জা ফখরুল

- নিউজ প্রকাশের সময় : ০৭:৩১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন
ঢাকা, ১ নভেম্বর — বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালকে ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই। কারণ, ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশের, এই ভূখণ্ডে সেদিন একটি স্বাধীন দেশ হিসেবে মর্যাদা পেয়েছিল বাংলাদেশ— এটাই আমাদের অস্তিত্ব, পরিচিতি ও স্বাতন্ত্রের প্রতীক।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্রের কথা। আমরা যারা স্বাধীনতাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাদের জন্য ’৭১ কোনো ইতিহাস নয়— এটা আমাদের জীবন, আমাদের গর্ব।”
তিনি আরও বলেন, “আজ যারা ইতিহাস বিকৃত করছে, স্বাধীনতার চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহার করছে, তারা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করছে। বিএনপি বিশ্বাস করে— মুক্তিযুদ্ধের চেতনা মানে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথ দেখিয়েছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতীয় প্রেস ক্লাব, ঢাকা















