বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ই*ন্তে*কাল করিয়াছেন

- নিউজ প্রকাশের সময় : ০৮:১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

রিপোর্ট: রফিকুল ইসলাম
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা নাগাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজরের পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে দেশবাসী এক প্রাজ্ঞ রাজনীতিক ও জাতীয় নেতৃত্বকে হারাল।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক দৃঢ় ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলীয় রাজনীতির পাশাপাশি জাতীয় সংকটকালে তাঁর অবস্থান ও বক্তব্য দেশজুড়ে আলোচিত ও প্রভাবশালী ছিল।
তাঁর ইন্তেকালের খবরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশজুড়ে দলীয় কার্যালয়ে শোকের পতাকা উত্তোলন, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনসংক্রান্ত কর্মসূচি পারিবারিক ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
















