সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

- নিউজ প্রকাশের সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সামাজিক সংগঠন ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’ ২০২৬ সালের জন্য নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ও সিলেটি কমিউনিটিতে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।
গত ২৮ ডিসেম্বর ২০২৫, হোয়াসং শহরের বিয়ংজম মাল্টি কালচারাল সেন্টারে সংগঠনটির ১১তম নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষণা অনুযায়ী, নবগঠিত কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন:
• সভাপতি: আতাউর রহমান (রিপন)
• সাধারণ সম্পাদক: শাহেদ আহমদ (তারেক)
• সাংগঠনিক সম্পাদক: তাজুল ইসলাম
কমিটির দায়িত্বশীলরা জানান, প্রবাসে থেকেও সিলেটি সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী সিলেটবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও যোগাযোগ বাড়াতে তারা কাজ করে যাবেন। পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পরিচিত করাতেও নানা উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান (রিপন) বলেন, প্রবাসে সিলেটি কমিউনিটিকে আরও সুসংগঠিত করা, নতুন কর্মমুখী কার্যক্রম গ্রহণ এবং বিপদে–আপদে সবার পাশে দাঁড়ানোই হবে তাদের অগ্রাধিকার। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক শাহেদ আহমদ (তারেক) বলেন, প্রবাসী সিলেটি ও বাংলাদেশিদের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে কোরিয়ায় নতুন আসা শ্রমজীবী প্রবাসীদের তথ্য, সহযোগিতা ও পরামর্শ প্রদানের জন্যও কমিটি কাজ করবে।
নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রবাসী সিলেটবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া, সার্বিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করা হয়েছে। সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া প্রবাসে সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও কল্যাণে আরও কার্যকর ও সংগঠিত ভূমিকা রাখতে সক্ষম হবে—ইনশাআল্লাহ।















