খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার

- নিউজ প্রকাশের সময় : ১১:১৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম
শেরপুরে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন শেরপুরের মাননীয় সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এ সময় তিনি উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে খাল খনন ও পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, কৃষিকাজে সুবিধা সৃষ্টি এবং জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “খাল খনন শুধু উন্নয়ন প্রকল্প নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খাল বাঁচলে কৃষি বাঁচবে, প্রকৃতি বাঁচবে এবং মানুষের জীবনমান উন্নত হবে। পাশাপাশি আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা যায়।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষি ও দৈনন্দিন জীবনে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার কৃষকরা উপকৃত হবেন এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং উপস্থিত সকলকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

















