দাকোপে ১৭টি গরুর মৃত্যু, পরীক্ষাগারে পাঠানো হয়েছে ঘাসের নমুনা

- নিউজ প্রকাশের সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৪৫৪ বার পড়া হয়েছে

খুলনার দাকোপে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার দুই দিন পর গত মঙ্গলবার ১৭টি গরু মারা যায়। এক দিনে উপজেলায় এত গরুর মৃত্যুর পর গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও নতুন করে আর গরু মারা যায়নি। তবে কী কারণে গরুগুলো মারা গেল, তা এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি প্রাণিসম্পদ বিভাগ। কচি ঘাসের মাধ্যমে খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে প্রাণিসম্পদ বিভাগ। ঢাকায় রাসায়নিক পরীক্ষাগারে ঘাসের নমুনা এরই মধ্যে পাঠানো হয়েছে।জনসচেতনতার জন্য এলাকায় মাইকিংও করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। তারা বিলে পানি না শুকানো পর্যন্ত গবাদিপ্রাণী বাড়িতে রেখে খাওয়ানোর পরামর্শ দিয়েছে।এদিকে উপজেলাজুড়ে গবাদিপ্রাণী পালনকারীরা আরেকটি রোগ নিয়ে দুশ্চিন্তায় কাটাচ্ছেন। অনেক গরু এখন লাম্পি স্কিন (এলএসডি) রোগে আক্রান্ত। তবে লাম্পি স্কিন রোগের টিকা উপজেলায় নেই। ছাগলের পক্সের জন্য দেওয়া ‘গোট পক্স’ রোগের টিকা দিয়ে কাজ চালানো হচ্ছে। তবে তার সরবরাহও আছে চাহিদার মাত্র ৪ শতাংশের মতো।
















