ঢাকায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

- নিউজ প্রকাশের সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

রিপোর্টার সুবর্ণা রেশমা
ঢাকাস্থ বিএএফ শাহীন কলেজে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘Startup, Science Project and Innovation Idea Showcasing’ এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কার্যক্রম এবং বিজ্ঞানমনস্ক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে ডা. জুবাইদা রহমান বিএএফ শাহীন কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং স্টার্টআপ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। স্টল পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণামূলক কাজ সম্পর্কে জানতে চান।
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্পগুলো ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় পরিসরে উপস্থাপনের সুযোগ সৃষ্টি করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা এমন আয়োজনকে তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
























